বর্ষ: 2026, সংখ্যা: 4
জিলহজ-১৪৪৭, মুহাররাম, সফর - ১৪৪৮ | মে, জুন, জুলাই - ২০২৬
মাওলানা আবু জানদাল কাসেমি শিক্ষক - কাসেমুল উলুম, তিওড়া, মুজাফফরনগর
আশুরার দিন (মুহররমের ১০ তারিখ) জাহেলি যুগে মক্কার কুরাইশদের নিকট অত্যন্ত সম্মানিত একটি দিন ছিল। এ দিন কাবাঘরে নতুন গিলাফ পরানো হতো এবং কুরাইশরা এ দিনে রোজা রাখত। ধারণা করা হয়, হযরত ইব্রাহিম (আ.) এর কিছু ঐতিহ্য ও শিক্ষা তাদের নিকট পৌঁছেছিল, যার কারণে তারা এ দিনের মর্যাদা রক্ষা করত।
মুহাম্মাদ ﷺ এর নীতি ছিল কুরাইশরা মিল্লাতে ইবরাহিমের অনুসরণে যেই ভালো কাজগুলো করত, তিনি সেসব উত্তম কাজে তাদের সাথে একমত ও অংশগ্রহণ করতেন। এ কারণেই তিনি হজ্বেও অংশগ্রহণ করতেন এবং একই নীতির ভিত্তিতে আশুরার রোজাও রাখতেন। তবে তখন তিনি অন্যদেরকে এর নির্দেশ দিতেন না।
পরবর্তীতে যখন রাসুলুল্লাহ ﷺ মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরাও আশুরার রোজা রাখে। তাদের থেকে জানা গেল, এটি সেই বরকতময় ঐতিহাসিক দিন যেদিন আল্লাহ তাআলা মুসা (আ.) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন।
এ কথা শোনার পর রাসুলুল্লাহ ﷺ আশুরার রোজার প্রতি আরও বেশি গুরুত্বারোপ করেন এবং মুসলমানদেরকেও এ দিনে রোজা রাখার সাধারণ নির্দেশ প্রদান করেন। কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে, তিনি এ রোজার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন যেমন গুরুত্ব ফরজ ও ওয়াজিব বিষয়ের ক্ষেত্রে দেওয়া হয়।
রুবাই বিনতে মু‘আওয়িয ইবনে আফরা (রা.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ﷺ আশুরার দিনের সকালে মদিনা মুনাওয়ারার আশপাশের আনসারদের বসতিগুলোতে এ মর্মে সংবাদ পাঠালেন যে, যারা এখনো কিছু খায়নি বা পান করেনি তারা যেন আজকের দিন রোজা পালন করে। আর যারা কিছু খেয়ে ফেলেছে, তারাও যেন দিনের অবশিষ্ট সময় আর কিছু না খায় বরং রোজাদারদের ন্যায় অবস্থান করে।
পরবর্তীতে যখন রমযান মাসের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ফরজ হওয়ার বিধান রহিত হয়ে যায় এবং তা নফল রোজার মর্যাদা লাভ করে।
তবে এরপরও রাসুলুল্লাহ ﷺ এর আমল ছিল এই যে, রমযানের ফরজ রোজাগুলোর বাইরে নফল রোজাগুলোর মধ্যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আশুরার রোজার প্রতি। পরবর্তী হাদিসসমূহে এ বিষয়ের আরও বর্ণনা এসেছে।
আশুরার দিনের ফজিলতঃ
রাসুলুল্লাহ ﷺ থেকে এ দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে। যেমনঃ
(১) হযরত ইবনে আব্বাস (রা.) বলেন,
ما رأیتُ النبیَّ صلی اللہ علیہ وسلم یَتَحَرّیٰ صیامَ یومٍ فَضَّلَہ علی غیرِہ الّا ھذا الیومَ یومَ عاشوراءَ وھذا الشھرَ یعنی شھرَ رَمَضَان
বাংলা অর্থঃ
“আমি নবি করিম ﷺ কে কোনো ফজিলতপূর্ণ দিনের রোজার প্রতি এত বেশি গুরুত্ব দিতে দেখিনি, যতটা তিনি আশুরার দিন এবং রমযান মাসের রোজার প্রতি দিতেন।” (বুখারি শরিফ - ২০০৬, মুসলিম শরিফ - ১১৩২)
অর্থাৎ, হযরত ইবনে আব্বাস (রা.) নবিজির আমল থেকে বুঝেছেন যে, নফল রোজাগুলোর মধ্যে আশুরার রোজার প্রতি রাসুলুল্লাহ ﷺ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন।
(২) হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
لَیْسَ لِیَوْمٍ فَضْلٌ عَلٰی یَوْمٍ فِي الصِّیَامِ اِلَّا شَھْرَ رَمَضَانَ وَیَوْمَ عَاشُوْرَاءَ۔
বাংলা অনুবাদ:
“রোজার ক্ষেত্রে কোনো দিনের ওপর অন্য দিনের বিশেষ ফজিলত নেই, তবে রমযান মাস এবং আশুরার দিন ব্যতীত।” (তাবারানি - খণ্ড: ১১, পৃষ্ঠা: ১২৭, হাদিস নম্বর: ১১২৫৩)
মুহাররমের ফজিলত ও এর কারণসমূহঃ
আশুরার দিনের পাশাপাশি শরিয়তে পুরো মুহাররম মাসেরই বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে। বিভিন্ন কারণে এ মাসকে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে প্রথম কারণ হলো, হাদিস শরিফে এ মাসের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।
হযরত আলি (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করলেন, রমযান মাসের পর কোন মাসে রোজা রাখা উত্তম? তখন তিনি বললেন, একবার এক ব্যক্তি মুহাম্মাদ ﷺ কে একই প্রশ্ন করেছিল, আর আমি তখন তাঁর নিকট উপস্থিত ছিলাম। তখন রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছিলেন,
اِنْ كُنْتَ صَائِمًا بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَصُمْ الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرُ اللّٰهِ فِيهِ يَوْمٌ تَابَ اللّٰهُ فِيهِ عَلٰى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلٰى قَوْمٍ آخَرِينَ
বাংলা অর্থঃ
“রমযানের পরে যদি তুমি রোজা রাখতে চাও, তবে মুহাররম মাসে রোজা রাখো। কেননা এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন এবং ভবিষ্যতেও আরেক সম্প্রদায়ের তওবা কবুল করবেন।” (তিরমিযী - কিতাবুস সিয়াম - হাদিস নম্বর: ৭৪১)
এছাড়াও হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবি করিম ﷺ ইরশাদ করেছেন,
أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ صِيَامِ شَهْرِ رَمَضَانَ شَهْرُ اللّٰهِ الْمُحَرَّمُ
বাংলা অর্থঃ
“রমযান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা।” (তিরমিযি - হাদিস নম্বর: ১১৬৩)
অনুরূপভাবে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবি করিম ﷺ ইরশাদ করেছেন,
مَنْ صَامَ يَوْمًا مِنَ الْمُحَرَّمِ فَلَهُ بِكُلِّ يَوْمٍ ثَلَاثُونَ يَوْمًا
বাংলা অর্থঃ
“যে ব্যক্তি মুহাররম মাসে একদিন রোজা রাখবে, সে প্রতিটি দিনের বিনিময়ে ত্রিশ দিনের রোজার সওয়াব লাভ করবে।” (আল মুজামুস সাগির - খণ্ড: ২, পৃষ্ঠা: ৯৬)
لَيْسَ لِيَوْمٍ فَضْلٌ عَلٰى يَوْمٍ فِي الصِّيَامِ إِلَّا شَهْرَ رَمَضَانَ وَيَوْمَ عَاشُورَاءَ
বাংলা অর্থঃ
“রোজার ক্ষেত্রে কোনো দিন অন্য দিনের উপর বিশেষ মর্যাদা রাখে না, তবে রমযান মাস এবং আশুরার দিন ব্যতীত।” (তাবারানি - খণ্ড: ১১, পৃষ্ঠা: ১২৭, হাদিস নম্বর: ১১২৫৩)
অর্থাৎ রমযান ও আশুরার রোজার বিশেষ ফজিলত রয়েছে।
হযরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
اِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ۔
বাংলা অর্থঃ
“আমি আল্লাহর নিকট আশা রাখি যে, আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।” (মুসলিম - হাদিস নম্বর: ১১৬২)
ইবনে মাজাহর একটি বর্ণনায় পরবর্তী এক বছরের গুনাহের কথাও উল্লেখ রয়েছে।
উপরোক্ত হাদিসসমূহ থেকে দ্বিতীয় কারণ হিসেবে এ কথা জানা যায় যে, মুহাররম হলো “شَهْرُ اللّٰهِ” অর্থাৎ “আল্লাহর মাস”।
আল্লাহ তাআলার দিকে এ মাসকে সম্পৃক্ত করার মাধ্যমে এর বিশেষ মর্যাদা, সম্মান ও ফজিলত প্রমাণিত হয়। অর্থাৎ এটি আল্লাহ তাআলার বিশেষ রহমত ও বরকতের মাস।
তৃতীয় কারণ হলো, এ মাসটি “আশহুরে হুরুম” তথা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত।
এ চারটি মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বিশেষভাবে বেশি। মাসগুলো হলোঃ
১. জিলকদ
২. জিলহজ্জ
৩. মুহাররমুল হারাম
৪. রজব
চতুর্থ কারণ হলো, ইসলামী বছরের সূচনা এ মাস থেকেই হয়।
এ প্রসঙ্গে গাজালী (রহ.) লিখেছেন,
“মুহাররম মাসে রোজা রাখার ফজিলতের একটি কারণ হলো, এ মাস থেকেই বছরের শুরু হয়। তাই বছরের সূচনাকে নেক আমল দ্বারা পরিপূর্ণ করা উচিত। আর আল্লাহ তাআলার কাছে আশা রাখা উচিত যে, এসব রোজার বরকত তিনি পুরো বছরব্যাপী অব্যাহত রাখবেন।” (ইহইয়াউল উলুম)
আশুরার দিনয় করণীয় আমলঃ
হাদিস শরিফ থেকে আশুরার দিনয় মূলত দুটি আমল প্রমাণিত হয়। এর মধ্যে প্রথমটি হলো,
(১) রোজা রাখা
এ বিষয়ে পূর্বেই বিভিন্ন হাদিস উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ রাখা দরকার হাদিসে নবি করিম ﷺ কাফির-মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা এবং ইহুদি-খ্রিস্টানদের বিশেষ রীতিনীতির অনুসরণ করতে নিষেধ করেছেন।
যেহেতু শুধু আশুরার দিন একা রোজা রাখা ইহুদিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছিল, আবার এ রোজা পুরোপুরি ছেড়ে দিলে এর বরকত থেকেও বঞ্চিত হতে হতো তাই রাসুলুল্লাহ ﷺ আমাদের শিক্ষা দিয়েছেন যে, আশুরার সঙ্গে আরও একদিন মিলিয়ে রোজা রাখতে হবে।
সবচেয়ে উত্তম হলো ৯ ও ১০ মুহররম রোজা রাখা। আর যদি কোনো কারণে ৯ তারিখের রোজা রাখা সম্ভব না হয়, তাহলে ১০ ও ১১ মুহররম রোজা রাখা উচিত। এতে ইহুদিদের বিরোধিতা করা হবে এবং তাদের সঙ্গে কোনো ধরনের সাদৃশ্য থাকবে না।
এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত,
যখন রাসুলুল্লাহ ﷺ আশুরার রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও এর নির্দেশ দিলেন, তখন কিছু সাহাবি আরজ করলেন, “হে আল্লাহর রাসুল! ইহুদি ও খ্রিস্টানরাও এ দিনটিকে বিশেষ মর্যাদার দিন হিসেবে পালন করে।”
তখন তিনি ইরশাদ করলেন
فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللّٰهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ
বাংলা অর্থঃ
“আগামী বছর যদি আল্লাহ চান, তাহলে আমরা নবম তারিখেও রোজা রাখব।” (মুসলিম শরীফ - হাদিস নম্বর: ১১৩৪)
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, পরবর্তী বছর আসার আগেই রাসুলুল্লাহ ﷺ ইন্তিকাল করেন।
গুরুত্বপূর্ণ ফায়দাঃ
কিছু ফকীহগণ লিখেছেন যে, শুধু একা আশুরার দিনের রোজা রাখা মাকরূহ। তবে এ বিষয়ে আনওয়ার শাহ কাস্মিরি (রহ.) একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আশুরার রোজার তিনটি ধরন রয়েছে:
১. নবম, দশম ও একাদশ, এই তিন দিন রোজা রাখা
২. নবম ও দশম অথবা দশম ও একাদশ, দুই দিন রোজা রাখা
৩. শুধু দশম তারিখে রোজা রাখা
এগুলোর মধ্যে প্রথমটি সবচেয়ে উত্তম, দ্বিতীয়টি তার চেয়ে কম মর্যাদার, আর তৃতীয়টি সবচেয়ে নিম্নস্তরের।
তাই ফকীহগণ তৃতীয় অবস্থাটিকে “মাকরূহ” বলেছেন। আসলে উদ্দেশ্য হলো, কেউ যদি শুধু একদিনই রাখে এবং অন্য দিন যুক্ত না করে, তাহলে তা সম্পূর্ণ উত্তম পদ্ধতি থেকে কিছুটা কমে যায়। অন্যথায় কেউ যদি একদিন রোজা রাখে এবং পরের দিন রাখার ইচ্ছা বা নিয়ত রাখে, তাকে একেবারে মাকরূহ বলা উদ্দেশ্য নয়। (মাআরিফুস সুনান)
পরিবার-পরিজনের জন্য রিজিকে প্রশস্ততাঃ
ইসলামী শরিয়ত এ দিন আরেকটি আমলকে উৎসাহ দিয়েছে তা হলো পরিবার-পরিজনের জন্য খাওয়া-দাওয়ায় প্রশস্ততা করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা সারা বছরের রিজিকে বরকত ও প্রশস্ততা দান করেন।
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَنْ أَوْسَعَ عَلٰى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللّٰهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ۔
বাংলা অর্থঃ
“যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবার-পরিজনের জন্য খাওয়া-দাওয়ায় প্রশস্ততা করে, আল্লাহ তাআলা তার পুরো বছরের রিজিকে প্রশস্ততা দান করেন।” (বাইহাকি - হাদিস নম্বর: ৩৫৩৭)
সারকথা হলো, আশুরার দিন শুধু রোজার দিনই নয়; বরং ইবাদত, তাওবা-ইস্তিগফার এবং পরিবারে বরকত কামনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
কিছু রসম ও বিদআতঃ
উপরের আলোচনা থেকে এটা পরিষ্কার হয় যে, মুহাররম মাস এবং আশুরার দিন অত্যন্ত বরকতময় ও পবিত্র সময়। তাই এ মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার বিশেষ রহমত অর্জন করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেক সময় এই মহান মাসকে বিভিন্ন নিজস্বভাবে তৈরি করা রসম-রেওয়াজ ও বিদআতের মাধ্যমে কলুষিত করে ফেলি। এর ফলে এই পবিত্র সময়ের মর্যাদা নষ্ট হয় এবং আমরা বরং গুনাহের দিকে চলে যাই।
এ কথা ভালোভাবে বুঝে রাখা জরুরি যে, যেমন এই মাসে ইবাদতের সওয়াব বৃদ্ধি পায়, তেমনি গুনাহের শাস্তিও বেশি হতে পারে। তাই প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো এই সম্মানিত মাসে সকল প্রকার বিদআত ও কুসংস্কার থেকে দূরে থাকা।
নিচে সংক্ষেপে কিছু প্রচলিত রসম ও ভুল কাজের উল্লেখ করা হলো,
(১) মাতমের মজলিস ও তাজিয়া মিছিলে অংশগ্রহণ
মুহাররমের দশ দিন বিশেষ করে দশ তারিখে অনেক মানুষ মাতমের মজলিসে এবং তাজিয়ার মিছিলে অংশ নেয়, অথবা শুধু দেখার জন্য ভিড় করে। কিন্তু এটি শরিয়তের দৃষ্টিতে বৈধ নয় বরং এতে একাধিক গুনাহ রয়েছে। যেমনঃ
(ক) এতে অংশগ্রহণের মাধ্যমে বিদআতপন্থী ও ভুল আকিদার লোকদের সমাবেশ ও প্রচার বাড়ে। আর তাদের সহযোগিতা করা বা তাদের শক্তি বৃদ্ধি করা শরিয়তে নিষিদ্ধ। নবি করিম ﷺ বলেছেন,
مَنْ كَثَّرَ سَوَادَ قَوْمٍ فَهُوَ مِنْهُمْ
বাংলা অর্থঃ
“যে ব্যক্তি কোনো দলের ভিড় বা শক্তি বৃদ্ধি করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” (মুসান্নিফ ইবনে আবি শাইবা - হাদিস নম্বর: ৩৩৮৬৫)
(খ) যেমন নেক কাজ দেখা, করা বা তাতে খুশি হওয়া সওয়াবের কাজ, তেমনি গুনাহের কাজ দেখে সন্তুষ্ট হওয়াও গুনাহ। তাই মাতম, শোকানুষ্ঠান ও তাজিয়ার মতো কাজগুলো দেখা বা তাতে অংশ নেওয়া গুনাহের অন্তর্ভুক্ত হতে পারে।
(গ) যেখানে আল্লাহর নাফরমানি হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। এমন স্থান বা অনুষ্ঠানে যাওয়াও নিরাপদ নয় এবং গুনাহ থেকে মুক্ত নয়।
সুতরাং মুসলমানদের উচিত হলো এই ধরনের সকল রসম-রেওয়াজ ও বিদআত থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা এবং মুহাররম মাসকে ইবাদত, রোজা, তওবা-ইস্তিগফার ও নেক আমলের মাধ্যমে কাটানো।
(২) ১০ই মুহাররমে ছুটি নেওয়াঃ
আশুরার দিন উপলক্ষে ছুটি নেওয়ার মধ্যে কয়েকটি আপত্তিকর দিক রয়েছে। যেমনঃ
(ক) প্রথম সমস্যা হলো, এ দিনে ছুটি নেওয়া অনেক ক্ষেত্রে রাফেযী ও শিয়া সম্প্রদায়ের একটি বিশেষ রীতি হিসেবে গণ্য হয়। আর শরিয়তে অন্য ধর্ম বা গোষ্ঠীর বিশেষ রীতি-নীতির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে নবি করিম ﷺ বলেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
বাংলা অর্থঃ
“যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” (সুনানু আবি দাউদ - হাদিস নম্বর: ৪০৩১)ক্ষ
(খ) দ্বিতীয় সমস্যা হলো, এই দিনে ছুটি নিয়ে অনেকেই অলসতা ও কর্মহীনতার মধ্যে সময় কাটায়, যা ইসলামের শৃঙ্খলা ও কর্মতৎপরতার সাথে সাংঘর্ষিক।
(গ) তৃতীয় সমস্যা হলো, ছুটি থাকার কারণে অনেক মানুষ বিভিন্ন বিদআত ও ভুল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যেমন তাজিয়া মিছিল বা অন্যান্য শরিয়তবিরোধী অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
(৩) ১০ই মুহাররমে খিচুড়ি পাকানোঃ
কিছু লোক আশুরার দিনে খিচুড়ি রান্না করে। এটি শরিয়তের দৃষ্টিতে একটি ভিত্তিহীন ও ভুল রীতি, যা কঠিন গুনাহের অন্তর্ভুক্ত।
ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া তে উল্লেখ আছে যে, হযরত হুসাইন ইবনে আলি (রা.) এর শাহাদাতের আনন্দ প্রকাশে খারিজিরা আশুরার দিনে বিভিন্ন শস্য মিশিয়ে খাবার রান্না করত।
فَكَانُوا إِلَى يَوْمِ عَاشُورَاءَ يَطْبُخُونَ الْحُبُوبَ
বাংলা অর্থঃ
“তারা আশুরার দিনে বিভিন্ন ধরনের শস্য একত্র করে রান্না করত।” (আল বিদায়া ওয়ান নিহায়া - খণ্ড: ৮ )
এ থেকে বুঝা যায়, এ ধরনের রীতি আহলে বাইতের প্রতি বিদ্বেষপূর্ণ গোষ্ঠীর সৃষ্টি করা কু-প্রথা। তাই আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণকারীদের জন্য এ থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি।
(৪) ইসালে সওয়াবের জন্য নির্দিষ্ট দিনে খাবার রান্না করাঃ
মুহাররম মাসে বিশেষ করে ৯, ১০, ১১ তারিখে কিছু মানুষ নির্দিষ্টভাবে খাবার রান্না করে হযরত হুসাইন ইবনে আলি (রা.) এর রূহে সওয়াব পৌঁছানোর নিয়তে বিতরণ করে। এটি বিভিন্ন দিক থেকে ভুল পদ্ধতি।
(ক) যদি এই বিশ্বাস রাখা হয় যে নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট খাবারই পৌঁছে যাবে, তবে তা গায়রুল্লাহর নামে উৎসর্গের অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে।
(খ) বাস্তবে মৃত ব্যক্তির কাছে খাবার পৌঁছে না বরং তার কাছে পৌঁছে শুধু সওয়াব। তাই খাবারের নির্দিষ্ট রূপ নির্ধারণ করা ভুল ধারণা।
(গ) শরিয়তে ইসালে সওয়াবের কোনো নির্দিষ্ট দিন, মাস বা খাবারের ধরন নির্ধারিত নেই। নিজের পক্ষ থেকে এমন নির্দিষ্টতা নির্ধারণ করা বিদআত এবং শরিয়তের সীমার মধ্যে হস্তক্ষেপের শামিল।
সারসংক্ষেপঃ
মুহাররম মাস ইবাদতের মাস, শোকানুষ্ঠান বা বিদআত ও কুসংস্কারের মাস নয়। তাই মুসলমানদের উচিত এই মাসকে ইবাদত, রোজা, তাওবা-ইস্তিগফার এবং নেক আমলের মাধ্যমে কাটানো এবং সব ধরনের ভ্রান্ত রীতি থেকে দূরে থাকা।
(৫) পানির বা শরবতের দোকান লাগানোঃ
কিছু লোক আশুরার দশ তারিখে রাস্তার মোড়ে বা বিভিন্ন স্থানে পানি বা শরবতের দোকান বসিয়ে পথচারীদের পান করায়। যদিও সাধারণভাবে মানুষকে পানি পান করানো একটি সওয়াবের কাজ, কিন্তু মুহাররমের আশুরাকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়ম ও বিশেষ রীতি বানিয়ে এ কাজ করা পূর্বোক্ত বিদআত ও ভ্রান্ত রীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। (মুস্তাফাদ: ফাতাওয়া রশীদিয়া, খাইরুল ফাতাওয়া)
(৬) মিষ্টি বিতরণ করাঃ
কিছু স্থানে ১০ই মুহারর মে মসজিদে বা ঘরে মিষ্টি এনে বিশেষভাবে বিতরণ করার রীতি রয়েছে। এটি শরিয়তের দৃষ্টিতে কোনো প্রমাণিত আমল নয়, বরং একটি ভুল ও বর্জনযোগ্য প্রথা। (মুস্তাফাদ: ফাতাওয়া মাহমুদিয়া)
(৭) ঈদের মতো সাজসজ্জা করাঃ
কিছু লোক আশুরার দিন ঈদের মতো সাজগোজ করে, নতুন পোশাক পরে আনন্দের ভঙ্গিতে থাকে। এটিও একটি বিদআত। কিছু লোক এ কাজের পক্ষে কিছু হাদিস পেশ করে, কিন্তু নির্ভরযোগ্য গবেষণায় দেখা যায় এসব বর্ণনা সহিহ নয়, বরং দুর্বল বা ভিত্তিহীন। (ফাতাওয়া আবদুল হাই, জামে ফাতাওয়া)
(৮) মুহাররমে বিবাহ করাঃ
এ বিষয়ে মূল কথা হলো মুহাররম মাস কি অশুভ নাকি সম্মানিত ও মর্যাদাপূর্ণ?
শিয়া সম্প্রদায় এই মাসকে অশুভ মনে করে, কারণ তাদের মতে এ মাসে হযরত হুসাইন ইবনে আলি (রা.)-এর শাহাদাত সংঘটিত হয়েছে। তাই তারা এ মাসে বিবাহ বা আনন্দের অনুষ্ঠান করে না।
অপরদিকে আহলুস সুন্নাহর মতে মুহাররম একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানিত মাস। “মুহাররম” শব্দের অর্থই পবিত্র ও সম্মানিত। তাই এটি শোকের মাস বা অশুভ মাস নয়।
বরং এ মাসে নেক আমল বেশি করা উচিত এবং বিয়ে-শাদি, আনন্দের অনুষ্ঠানও করা বৈধ। বরকতের নিয়তে এমন কাজ করা যেতে পারে। এই মাসকে অশুভ মনে করা শিয়া চিন্তাধারার অংশ, যা থেকে বেঁচে থাকা জরুরি।
শেষ কথাঃ
আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, সকল প্রকার বিদআত ও গোমরাহী থেকে হেফাজত করুন এবং তাঁর ও তাঁর রাসুল মুহাম্মাদ ﷺ এর সঠিক ভালোবাসা ও অনুসরণের তাওফিক দান করুন। আমীন।
অনুবাদ – মাওলানা মুবাশ্বির হাসান
তের দফা দাবি নিয়ে কোন কোন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছিল। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফার দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। গুরুত্ব বিবেচনায় মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ রচিত ‘‘আমাদের ইন্তিফাদা’’ গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো। - সম্পাদক
হজ: ঈমান, ত্যাগ, ঐক্য ও আত্মশুদ্ধির মহাসফর মুফতি আবদুল কাইয়ুম
পুণ্যময় হয়ে উঠুক জিলহজ্জের প্রথম দশক মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ