বর্ষ: 2026, সংখ্যা: 4
জিলহজ-১৪৪৭, মুহাররাম, সফর - ১৪৪৮ | মে, জুন, জুলাই - ২০২৬
আরিফ খান সাদ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতূল্য আখ্যান। দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘ দেড় যুগ দেশে জুলুম, নির্যাতন, দুর্নীতি, স্বেচ্ছাচার ও ত্রাসের রাজত্ব কায়েম করা নিষ্ঠুর জালেম গোষ্ঠীর দৃষ্টান্তমূলক পতন ঘটে ৫ আগস্ট। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন আগস্টে শেষ হওয়ায় সে দিনটিকে আন্দোলনকারীরা ঘোষণা করে ৩৬ জুলাই। স্বাধীন দেশে পরাধীন হয়ে ওঠা জনগণ দ্বিতীয়বার ফিরে পায় স্বাধীনতার স্বাদ। সমগ্র দেশের মানুষ সেদিন ঘর থেকে রাজপথে নেমে আসে একযোগে এবং উদযাপন করে বিজয়ের নেয়ামত। সেদিনটি ছিল মুহাররম মাসের শেষ দিন, যে মাসে পতন ঘটেছিলো অতীতের এক জালেম ফেরআউনের। যুগান্তকরী এই ইতিহাস বিনির্মাণে অংশগ্রহণ করে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। জুলাই-আগস্ট বিপ্লবে আলেম সমাজের অংশগ্রহণ এবং বিপ্লবি ভূমিকা নিয়ে সাজানো হয়েছে এই সংক্ষিপ্ত আয়োজন।
বৈষম্যের বিরুদ্ধে আলেমদের অবস্থান
জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয় সরকারী চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে। দেশের সর্বস্তরের মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ইসলামও সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে। একইসঙ্গে সব ধরণের জুলুম ও অন্যায়ের বিপক্ষে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর ঘোষণা করেছিলেন, ‘এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রাজপথে রক্তের স্রোত প্রবাহিত করে দেশের আলেম সমাজ এবং মাদরাসা শিক্ষার্থরা। দেশের আলেম সমাজ ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে রক্ত দিয়েছেন, শতাধিক শহিদ হয়েছেন; তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, বৈষম্যের বিরুদ্ধে জুমার খুতবা দেওয়ায় চাকরি হারিয়েছেন। আন্দোলন ও আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে চাকরিচ্যুত করা হয় ধানমণ্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, ধানমণ্ডি সাইন্স ল্যাবরেটরি মসজিদের খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি, মিরপুর সাইন্স ল্যাবরেটরি মসজিদের খতিব মুফতি আরিফ বিন হাবিব সাহেবদের মতো খ্যাতিমান আলেম ও বক্তাসহ সারাদেশের অসংখ্য মসজিদের ইমাম ও খতিবদের। শারীরিকভাবেও নির্যাতন ও হেনস্থার শিকার হন অনেক ইমাম-খতিব। তবুও তারা জুমার বয়ানে তুলে ধরেছেন ফেরআউনের জালেমের দাস্তান এবং সেনাবাহিনীসহ সাগরে ডুবে মৃত্যুবরণের করুণ পরিণতির শিক্ষা। ২৪-এর আন্দোলন ছিল যুগপৎ রাজপথে এবং অনলাইনে। আলেম সমাজ যেভাবে রাজপথ রক্তে রঙিন করেছেন, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইল পিকচারও লাল করে সংহতি প্রকাশ করেন; যেখানে পতিত সরকারের পক্ষ কালো রং প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।
যাত্রাবাড়িতে আলেমদের সংহতি সমাবেশ
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা ছিল পুরোদস্তুর রণক্ষেত্র। সর্বস্তরের ছাত্র-জনতার সাথে রাজপথে নেমে এসেছিল আলেম সমাজও। যাত্রাবাড়ি বড় মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান আহ্বান করেন সংহতি সমাবেশ। ৩ আগস্ট সকালে কাজলা পেট্রোল পাম্পের সামনে ‘সাধারণ আলেম সমাজ’ ব্যানারে দেশের পরিচিত আলেমদের নিয়ে সংহতি সমাবেশ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক সংহতি প্রকাশ করেন। সেখানে জালেমের রক্তচক্ষুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান আলেম ও গবেষক মাওলানা মূসা আল-হাফিজ, মাওলানা আব্দুল্লাহ আল-মাসউদ, মাওলানা উসামা সিরাজ, মাওলানা তানজিল আরেফিন আদনান, মাওলানা আশরাফ মাহদিসহ অনেক আলেম। সেখানে অবস্থান কর্মসূচি শেষে মিছিল বের করা হয়। মিছিলটি কাজলা থেকে কুতুবখালি খাল পার হয়ে আরো সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুনাজাত করা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। মাওলানা রিদওয়ান হাসান এ লেখককে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়, তখন তাদের পক্ষ থেকেও সংহতি জানিয়ে ঘোষণা করা হয় ‘গাশত কর্মসূচি’। ইংরেজি মার্চ শব্দের ফারসি প্রতিশব্দ হচ্ছে ‘গাশত’। এভাবে যাত্রাবাড়ির আলেম সমাজ মিশে যান জুলাই বিপ্লবের অংশ হয়ে।
যাত্রাবাড়ি গণহত্যায় একজন শহিদ আলেম
৫ আগস্ট সকালে যাত্রাবাড়ি থানার সামনে দলে দলে পুলিশ বাহিনী বেরিয়ে আসে এবং প্রকাশ্যে নির্বিচারে গণহত্যা চালায়। আশপাশের বাসিন্দারা ঘরের জানালার বাইরের সে গণহত্যার ভিডিওচিত্র ধারণ করে এবং দেশের মানুষের ঘৃণা কুড়ায় পুলিশ বাহিনী। ভিডিওতে দেখা যায় সাদা জুব্বা পড়া একজন আলেম বিপুল সংখ্যাক মানুষের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং খুনি হাসিনার বিরুদ্ধে স্লোগান তুলছেন। যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ ব্রাশ ফায়ার করতে করতে বেরিয়ে আসে। প্রকাশ্যে রাজপথে একইসঙ্গে চলে গুলি ও বেধড়ক লাঠিপেটা। সেই আলেমকেও লাঠি দিয়ে পেটাতে থাকে পেটোয়া বাহিনী। পিটিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থা করে ফেলে। আরেকদল পুলিশ তখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের পিলারের আড়ালে লুকিয়ে থাকা মানুষদের খুঁজে বের করে করে ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করতে থাকে। দেখা যায়, সামান্য নড়াচড়া করলে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে মৃতপ্রায় সেই আলেমকে পুলিশ বলে দৌড় দিতে। তিনি দৌড় দেন। কিন্তু পেছন থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে তাকে।
এই শহিদ আলেমের নাম মাওলানা খুবাইব বিন আব্দুর রহমান। যাত্রাবাড়ি কাজলার পাড়ে অবস্থিত জামেয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সাহেবের ছোট ছেলে। দাওরায়ে হাদিস শেষ করে এই মাদরাসারই ইফতা বিভাগে অধ্যয়ন করছিলেন তিনি। জুলাই বিপ্লবের প্রতিদিন আন্দোলনে যেতেন খুবাইব ও সুহাইল দুই সহোদর ভাই। শহিদ খুবাইবের বাবা মাওলানা আব্দুর রহমান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ছেলে খুবাইব শহীদ হওয়ার প্রস্তুতি নিয়েই প্রতিদিন ঘর থেকে বের হয়ে রাজপথে যেতেন। বের হওয়ার আগে মায়ের কাছ থেকে বিদায় ও দোয়া নিয় যেতেন। তার বাবা বলেন, শহীদ হওয়ার আগের দিন মাওলানা খুবাইব তার মায়ের কাছে দোয়া নিতে গিয়ে কুরআনের এই আয়াত পাঠ করেন, ‘যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পার না।’ শহীদ হওয়ার আগের দিন এই আয়াত তেলাওয়াত করতে করতে মমতাময়ী মায়ের পায়ের কাছে বসলেন। হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে আম্মাকে বললেন—‘আম্মা! আমার নামও তো খুবাইব, কেন যেন মনে হচ্ছে আমিও শহীদ সাহাবী খুবাইব রা.-এর মতো শহীদ হবো। আমার মাথায় হাত বুলিয়ে দুয়া করে দিন।’ পরদিন ঠিকই সকাল সকাল আন্দোলনে বেরিয়ে যান তিনি। তবে সেদিন আর সহোদর ভাই সুহাইল যাননি, সাথে গিয়েছিলেন তাদের পারিবারিক ড্রাইভার। তিনিও সেই গণহত্যায় গুলিবিদ্ধ হন, তবে বেঁচে ফেরেন। কিন্তু শহীদ খুবাইব যখন গুলি খেয়ে রাজপথে লুটিয়ে পড়েন, তখন পরপর আরো কয়েক রাউন্ড গুলি ছুড়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ পাওয়া যায়।
জুলাই শহিদ মাদরাসা বোর্ডের কর্মকর্তা
জুলাই আন্দোলনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) কর্মকর্তা মাওলানা শিহাব উদ্দীন ঘাতকের বুলেটের প্রাণ হারান। ১৯ জুলাই জুমার নামাজ পড়িয়ে নিজের বাসার ৬ তলার উপরের বারান্দায় দাঁড়িয়েছেন। হঠাৎ একটি ঘাতক বুলেট ছুটে এসে মাথার একপাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। মুহূর্তেই নিঃশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই প্রতিভাবান উদীয়মান আলেম। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের জামিয়াতুল ইবরাহিম মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছিলেন। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। পড়াশোনা শেষ করে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন; পাশাপাশি একটি মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে ভোলার তজুমদ্দিন মারকাজ মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। যাত্রাবাড়িতে বসবাসকারী আরেকজন আলেম রোকন রাইয়ান জানান, তাদের আশারা বিল্ডার্সের পাশের ভবনের একজন তরুণ আলেম দুপুরের খাবারের পর একটু রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সেদিন, আশপাশে অনেক মানুষ রাজপথে ছিল, হঠাৎ একটা বুলেট ছুটে এসে বুক থেকে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। গুলিটি করা হয় উপর থেকে, বুকের উপরের দিক দিয়ে ঢুকে পিঠের নিচ দিয়ে বের হয়ে যায়। সামান্য টু শব্দটি করার সুযোগ পাননি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন আরেকজন তরুণ আলেম।
মিরপুরের শহীদ বীরাঙ্গনা মাদরাসার ছাত্রী
জুলাই আন্দোলনে রাজপথে বুকের রক্ত ঢেলে শহীদ হয়েছেন মাদরাসার নারী শিক্ষার্থী রীতা আখতার। ছোটবেলায় এলাকার মাদরাসার কুরআন ও আরবি ভাষা শেখেন তিনি। মাদরাসায় কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ভূগোইল হিযবুল্লাহ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেন। তারপর পরিবারের সঙ্গে ঢাকা মিরপুর ২ নং এলাকায় এসে বসবাস শুরু করেন এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এরইমধ্যে দেশে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন শুরু হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরাচারের পতনের দাবিতে ঢাকা অভিমুখী লংমার্চে বর্বরোচিত হামলা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। ৫ আগস্ট সকাল এগারোটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কী হতে চলছে আগাম কেউ জানে না। পুলিশের এলোপাতাড়ি গুলিতে মিরপুর-২ বাসস্ট্যান্ডে এলাকায় ওভার ব্রিজের নিচে লুকিয়ে আশ্রয় নেন আন্দোলনকারীরা। সেখানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাদরাসার শিক্ষার্থী রীতা আখতার। বুকের তাজা রক্তে ভিজে রঙিন হয়ে যায় রাজপথ। গুলিবিদ্ধ রক্তস্নাত এই বীরাঙ্গনা হামাগুড়ি দেওয়ার বারবার চেষ্টা করেও পুলিশ ও ছাত্রলীগের পৈশাচিক আচরণ চূড়ান্ত রূপ ধারণ করে। জানা যায়, তিনি শুরু থেকে নেতৃত্ব দিয়ে সাহস যুগিয়েছিলেন সবার মাঝে। গুলিবিদ্ধ অবস্থায় সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের পর মুখে হাসি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী নারী মাদরাসা শিক্ষার্থী, জুলাইয়ের বীরাঙ্গনা শহীদা।
এই শহীদ নারীর পিতা মিরপুর নিবাসী জনাব আশরাফ আলী গণমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ বছর ভূগোইল হিযবুল্লাহ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে। পড়াশোনা করে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তার। অভাবের সংসার। মেয়ের স্বপ্ন পূরণের জন্য পরিবারসহ জয়পুরহাট থেকে ঢাকায় আসেন তিনি। ভর্তি করান স্থানীয় একটি স্বনামধন্য কলেজের ইন্টারমিডিয়েটে। মেধার বিকাশ ঘটিয়ে চান্স পায় সে। পড়াশোনার খরচ জোগানোর জন্য তিনি দিন-রাত রিকশা চালান এবং তার স্ত্রী অন্যের বাড়ি-বাড়ি গিয়ে কাজ করেন। কিন্তু তার স্বপ্নকে গুলি করে মেরে ফেলা হয়।
মাদরাসার শিশু ছাত্রকে গুলি করে হত্যা
একটি স্বাধীন দেশে আকাশে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারার ঘটনা নজিরবিহীন। ঘরের নিরাপদ জায়গায় লুকিয়ে থেকেও রেহায় পায়নি মানুষ। ঘরের জানালা ভেদ করে ছুটে এসেছে গুলি। এমন একটি গুলিতে নিজের ঘরের ভেতর শহিদ হন মিরপুর-১৪ জামিউল উলুম মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সামিরুর রহমান (সাফকাত সামির)। ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরে দোতলা বাসার খোলা জানালা দিয়ে গুলি ঢুকে সামিরের চোখ ও মাথা ভেদ করে বেরিয়ে যায়। বাবা সাকিবুর রহমান (৩৪) এবং মা ফারিয়া ইবনাতের (২৮) একমাত্র সন্তান ছিল সামির (১১)।
ওই দিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরের ঘরে। তাই ঘরের জানালা বন্ধ করতে যায় সে। এই ধোঁয়ায় মানুষের চোখ জ্বলে, চোখ ফুলে লাল হয়ে যায়, এমনকি শ্বাস নিতেও কষ্ট হয়। সেই জন্যই যখন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে, সামির চেয়েছিল সেই গ্যাসের কষ্ট থেকে বাঁচতে। কিন্তু কে জানত, সেই চাওয়াটাই যে হবে তার জীবনের সর্বশেষ চাওয়া। জানালা বন্ধ করতে গেলে হঠাৎ ছুটে আসে একটি ঘাতক বুলেট। গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ঘরে ছিল তার চাচা মশিউর রহমান (১৭)। তার কাঁধেও গুলি লাগে। তবে তিনি বেঁচে যান। মুহুর্তেই সামিরের মাথা এফোঁড়-ওফোঁড় করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভিজিয়ে দেয় ঘরের মেঝে, পড়ার টেবিল, বই-খাতা, প্লাস্টিকের খেলনা সব। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ বছরের সাফকাত সামির। নানাবাড়ি আশুলিয়ায় নানাবাড়ির আঙিনায় সমাহিত করা হয় এই সম্ভাবনাময় তালিবুলইলমকে।
শিশুটের বাবা কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, সেদিন বিকেলে তিনি পাশেই বকুলতলা মাঠের কাছে ছিলেন। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গুলি হচ্ছিল দেখে বাসার দিকে রওনা দেন তিনি। এমন সময় এক প্রতিবেশীর কাছ থেকে বাসায় গুলি ও রক্তের সংবাদ পান। দ্রুত বাসায় এসে দেখেন, তার একমাত্র সন্তান রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে আছে। জানালার পাশে পড়ার টেবিরে পড়ে আছে ছিন্ন মগজের কিছু অংশ এবং রক্ত। তৎক্ষণাৎ তাকে কোলে নিয়ে ছুটে যান পাশের ক্লিনিকে। চিকিৎসক বলেন, শিশুটি আর বেঁচে নেই। চোখ মুছে তিনি আবারো বলতে থাকেন, ‘আমরা সরকারবিরোধী কোনো কাজ করিনি। প্রশাসনের নিয়ম মেনেছি। কারফিউ জারি করার পর আমরা পরিবারের সবাইকে ঘরের মধ্যে রেখেছি। সেই ঘরের মধ্যেও আমরা যদি নিরাপদে থাকতে না পারি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন এমন হবে! আমাদের বাসায় কেন গুলি করবে! এটা কোন নিয়ম।’ এসব কথা বলতে বলতে ফুঁপিয়ে কাঁদতে থাকেন সামিরের বাবা।
গুলিতে চোখ হারানো কয়েকজন মাদরাসা ছাত্র
জুলাই বিপ্লবে অসংখ্য মানুষকে মাথায় ও চোখে গুলি করা হয়েছে। গুলিতে চোখ হারিয়েছেন কয়েকজন আলেম এবং মাদরাসা শিক্ষার্থীও। এমন একজন মাদরাসা শিক্ষার্থী মেহেদী হাসান। সিলেট জেলা সদরের জামিয়া হিদায়াতুল ইসলাম মাদরাসার এই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে মোট ৬৯টি গুলি লাগে। ডান চোখেই বিদ্ধ হয় চারটি ছররা গুলি। ঘটনাটি ঘটে ৪ আগস্ট। আওয়ামী সরকার পতনের ঠিক এক দিন আগে। সেদিন ঢাকাসহ অন্যান্য জেলার মতোই আন্দোলনে উত্তাল ছিল সিলেট জেলার সর্বত্র। সেদিন প্রায় হাজারখানেক আন্দোলনকারী সিলেট সদর সোবহানি গার্ডের সামনে অবস্থান নেয়। বেলা ১২টা থেকে অবস্থান নিলেও ১টার দিকে শুরু হয় সংঘর্ষ। নিরস্ত্র আন্দোলনকারীদের হঠাতে একযোগে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগসহ হাসিনার পেটোয়া বাহীনী। আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নিয়ে সামনে থেকে হাসিনা বিরোধী স্লোগান দেয়া মেহেদী হাসান হঠাৎই লুটিয়ে পড়েন রাস্তায়। এর আগে তার শরীরে অনেকগুলো ছররা গুলি বিদ্ধ হলেও তিনি রাজপথ ছাড়েননি। হঠাৎ চোখে গুলিবিদ্ধ হলে তিনি আর দাঁড়াতে পারেননি। তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিলেট ইবনে সিনা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসাসেবা পাননি তিনি। ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের প্রহরায় সেখানে অবস্থান নিয়েছিলেন আগে থেকেই। যাতে করে আন্দোলনে আহতদের কেউ সেখানে চিকিৎসা নিতে না পারেন। এমন পরিস্থিতিতে মেহেদীকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানি হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে মোট ৬৯টি গুলি লাগে, যা বের করা সম্ভব নয়। তবে সব চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে- তার ডান চোখেই বিদ্ধ হয় চারটি ছররা গুলি। চিকিৎসকরা বলেন, চোখের দুটো গুলি এমনভাবে বিদ্ধ হয়েছে যা চোখের নার্ভ ভেদ করে ভেতরে চলে গেছে। এসব গুলি বের করতে গেলে মস্তিস্ক অ্যাটাক করার সম্ভাবনা থাকে।
চোখে গুলিবিদ্ধ এমন আরেকজন মাদরাসা ছাত্র মিজানুর রহমান। তিনি সিলেট শহরের পশ্চিম পীর মহল্লার মাদরাসাতুল আবরারের হিফজ বিভাগের ছাত্র এবং টুকেরবাজারের শাহপুর গ্রামের মোহাম্মদ রইছ আলীর ছেলে। গণমাধ্যমে মিজান জানান, ৫ আগস্ট বেলা ২টার দিকে সিলেট নগরীর মদীনা মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলে তিনি যোগ দেন। মিছিলটি সুবিদবাজার হয়ে মিরের ময়দান পয়েন্টে পৌঁছলে পুলিশ লাইন্সের ভেতর থেকে অতর্কিত গুলি আসতে থাকে। এসময় বেশ কিছু গুলি মিজানের শরীরে বিদ্ধ হয়। একটি গুলি সরাসরি তার ডান চোখ ভেদ করে। মিজান বলেন, প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখান থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার পর ভিশন আই হসপিটালের অধীনে চিকিৎসা নেন।
জানা যায়, জুলাই-আগস্ট বিপ্লবে আহত-নিহতদের মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে মিজানকে দেখতে তার বাড়িতে যান ‘নাগরিক আলেমসমাজ’ সংগঠনের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান এবং লেখক নাওয়াজ মারজান। তারা মিজানের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ সহায়তা খাম তুলে দেন। এছাড়াও চোখে গুলিবিদ্ধ হন ঢাকা আলিয়া আলিম ২য় বর্ষের শিক্ষার্থী এমদাদ হাসান, বরিশালের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ মাদরাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম লিমন এবং আরো কয়েক মাদরাসা শিক্ষার্থী।
বারিধারা মাদরাসার অনুপম খেদমত
রাজধানী বারিধারায় অবস্থিত ‘জামিয়া মাদানিয়া বারিধারা’ জুলাই বিপ্লবে সর্বাত্মকভাবে আন্দোনকারীদের পাশে দাঁড়িয়েছিল। ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দিয়েছিল মাদরাসার সব দরজা। এমনকি নারী শিক্ষার্থীদের জন্যও অবারিত ছিল টয়লেট এবং জরুরি প্রয়োজন পূরণের সুযোগ। বারিধারা মাদরাসার উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মুফতি গোলাম রাজ্জাক কাসেমী এই লেখককে বলেন, ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সারাদেশ যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন মাদরাসা সংলগ্ন নতুন বাজার মহাসড়ক ব্লক করে অবস্থান নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ভার্সিটির শিক্ষার্থীরা। সেসময় আন্দোলনরত শিক্ষার্থীরা যখন তীব্র তাপদাহ ও কাঠফাটা রোদে পিপাসায় হ্যাপিত্যেশ করছিলো, তখন বারিধারা মাদরাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমী জরুরি ভিত্তিতে মাদরাসার ছাত্রদের ডেকে ভলান্টিয়ারের কাজে নিয়োজিত করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পানি, শরবত, স্যালাইন ইত্যাদি পানীয় খাবার সরবরাহ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি এটাও বলে দেন, তাদের বিশ্রাম ও অজু ইস্তিঞ্জার ব্যাপারে নির্দ্বিধায় মাদরাসায় আসতে বলবে। তাদের জন্য মাদরাসা গেইট সর্বদা উন্মুক্ত। মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাকির ছাত্রদের বললেন, ‘আনলিমিটেড পানি, শরবত, বিস্কুট, স্যালাইনের ব্যবস্থা করো। টাকা আমরা দিবো’। বারিধারার স্বেচ্ছাসেবী (প্রায় ৫০ জন) ছাত্রদের ভাষ্য মতে, সেদিন আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে কত হাজার লিটার শরবত আর কতশত বিস্কুট বিতরণ করেছিলাম সংখ্যাটা বলতে পারব না। এক কথায় বেহিসাব। ৫ আগস্টের পর বারিধারার শতশত তালিবুল ইলম রাস্তাঘাট পরিষ্কার ও ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে। প্রায় প্রতিদিন ট্রাফিকে থাকা বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে অসংখ্য বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়েছে বারিধারা মাদরাসার পক্ষ থেকে। মুহতামিম সাহেব হুজুর স্বয়ং এর মান নিয়ন্ত্রণ করছেন। সংখ্যা নির্দিষ্ট করে বললে ১১ আগস্ট ৩০০ প্যাকেট গরু-বিরিয়ানি বিতরণ করা হয়। ১২ তারিখ প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মাদরাসার মেহমানখানায় এনে ভাত-তরকারি ও গোস্ত দিয়ে মেহমানদারি করা হয়েছে। এছাড়াও মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসউদ সাহেবের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় শতাধিক ছাত্রদের সিঙ্গারা, জুস ইত্যাদি খাওয়ানো হয়। প্রতিনিয়ত ট্রাফিকের দায়িত্বপালনরত অসংখ্য শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার বিতরণসহ তাদের বিশ্রাম, অজু ও ইস্তিঞ্জার জন্য মাদরাসার গেইট উন্মুক্ত ছিল সর্বদা।
ছাত্র-জনতার পক্ষে হেফাজতের ইসলামের বিবৃতি
দেশের আলেম সমাজের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’। ২৪-এর জুলাই-আগস্ট মাসে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ছাত্র-জনতার পাশে দাঁড়ায় হেফাজতে ইসলাম। তৎকালীন স্বৈরাচার সরকারের সব ধরণের ভয়-শঙ্কা উপেক্ষা করে আন্দোলনের সময় পাঁচটি সাহসী বিবৃতি প্রকাশ করে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের ১ম বিবৃতি আসে ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার। গণমাধ্যমের উদ্দেশ্যে হেফাজতের ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী প্রেরিত বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলায় ছয় শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।’ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শান্তিপ্রিয় শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ছয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। মেয়েদেরকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এমনকি হাসপাতালে ঢুকেও আহতদের ওপর হামলা করা হয়েছে। যুদ্ধের ময়দানেও নারীদের ওপর আক্রমণ করা ইসলামে নিষিদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও চরম লঙ্ঘন। অথচ আলোকিত জাতীয় বিদ্যাপীঠে নারী শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ একই দিনে হেফাজতে ইসলামের ২য় বিবৃতি আসে আন্দোলনে শহীদদের জন্য সারা দেশে দুয়ার আহ্বান জানিয়ে।
হেফাজতে ইসলামের ৩য় বিবৃতি আসে ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার। সে বিবৃতিতে পরের দিন বাদ জুমা দেশব্যাপী দোয়ার আহ্বান জানায় হেফাজতে ইসলাম। ২ আগস্ট প্রচারিত বিবৃতিতে সরকারের জুলুমের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। তারপর ৪ আগস্ট ২০২৪, রোববার হেফাজতে ইসলামের পঞ্চম বিবৃতিতে বলা হয়,“ছাত্রজনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন”। ছাত্রজনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সংবাদমাধ্যমে এই বিবৃতি প্রদান করেন। এতে তিনি বলেন, ‘আমাদের দেশের বীর ছাত্রজনতা এক দফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে; আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।’ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, ৫ মে’র গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউদাউ করে জ্বলছে। তখনো বহু লাশ গুম করা হয়েছিল। বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। এই স্বৈর-রাজত্বে একের পর এক গণহত্যা হয়েছে। কোটা আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের ওপরও গণহত্যা চলছে। এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ দেয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায়বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্রজনতার সাথে রাজপথে শামিল হওয়ার কোনো বিকল্প নেই।’
শাপলা-শাহবাগ যেদিন একই মোহনায়
আওয়ামীলীগের শাসনামলে জুলুমের পক্ষে এবং ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছিল শাহবাগ। অপরদিকে জুলুমের বিপক্ষে এবং ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল শাপলা। তাই শাপলা এবং শাহবাগ শব্দ-দুটো নির্দিষ্ট জায়গার নাম ছাপিয়ে প্রতিষ্ঠিত হয়েছে একটি প্রতীকি ও রূপক অর্থবোধ শব্দ হিসেবে। বিপরীতমুখী দুই অবস্থান বোঝাতে শব্দ দুটো বহুল আলোচিত। জুলাই বিপ্লবে বিপরীতমুখী দুই স্রোত মিলিত হয়েছিল একই মোহনায়। ২ আগস্ট জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের চত্বর থেকে গণমিছিল শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও আরেকটি মিছিল শুরু হয় এবং দুই মিছিল একই জায়গায় মিশে যায়। পুরো চার কিলোমিটার রাজপথ একাকার হয়ে যায়। তার আগের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক ও মুখপাত্র আবদুল কাদের ঘোষণা করেন শুক্রবারের এই ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি। ঘোষণাপত্রে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন দেশের ধর্মপ্রাণ মানুষ। বিপুল সংখ্যক মাদরাসা শিক্ষার্থী শামিল হয় প্রার্থনা মিছিলে। মিছিলে আরো যোগ দেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও। আওয়ামীলীগের ফ্যাসিবাদি মুখোশ উদোম হয়ে যাওয়ায় সেদিন জুমার নামাজের পর মাথায় টুপি দিয়ে শাহবাগ অভিমুখী পদযাত্রায় অংশ নিয় প্রকাশ্যে অবস্থান ব্যক্ত করেন সুশীল সমাজের অনেক পরিচিত মুখ। গণমাধ্যমকে তাদের স্পষ্ট বার্তা জানাতেও দেখা যায়।
রাজপথে পীর সাহেবের বিপ্লবি ঘোষণা
জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশের মানুষের বুকে প্রকাশ্যে গুলি চালানো শুরু হলে রাজপথে নেমে আসেন চরমোনাইয়ের পীর সাহেব এবং তার ভক্ত-মুরিদান। আগস্ট মাসের ৩ তারিখে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। সে সমাবেশ থেকে পীর সাহেব ‘একদফা’ তথা সরকারের পদত্যাগের দাবি তোলেন এবং ৫ আগস্ট বেলা ১১টায় ‘ঢাকায় গণমিছিল’ কর্মসূচির ঘোষণা করেন। তারপর ৪ তারিখ ছাত্র-সমন্বয়কদের ঘোষিত কর্মসূচির সঙ্গেও সর্বাত্মক সংহতি ঘোষণা করে ভক্ত-মুরিদানের গণমিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করেন। মিছিলটি জাতীয় ঈদগাহ, সুপ্রিম কোর্টের সামনে দিয়ে মৎস ভবন মোড় হয়ে শাহবাগ যায় এবং সেখানে শিক্ষার্থীদের অবস্থানে যোগ দেয়। শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ঘোষণা করেন মুফতী সৈয়দ ফয়জুল করীম। যেকোনো কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পীর সাহেবের নেতৃত্বধীন গণমিছিল শাহবাগ পৌঁছলে শিক্ষার্থীরা তাদের অভ্যর্থনা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সৈয়দ ফয়জুল করীমকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষার্থীদের চোখে-মুখে দেখা যায় উচ্ছ্বাস-উদ্দীপনার তীব্র ঝলক। অনেকেই এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের কেউ কেউ শায়খে চরমোনাইয়ের হাতে চুমু খেয়ে ভালোবাসা প্রকাশ করেন। শাহবাগের অস্থায়ী মঞ্চে মাইক হাতে নিয়ে পীর সাহেব হাসিনা পতনের চূড়ান্ত ডান দেন।
সেদিন শাহবাগের জনসভায় পীর সাহেব বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সর্বত্মক সংহতি প্রকাশ করছি। আমরা শিক্ষার্থীদের ঘোষিত প্রতিদিনের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি। আমাদের কর্মী সমর্থকরা পরবর্তী সব সব কর্মসূচিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করবে।’ তিনি আরো বলেন, ‘সরকার সব বাহিনী নামিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, লাখো মানুষের রক্ত ঝরিয়েছে, হাজার হাজার বাচ্চা এতিম, অনেকে বিধবা, পঙ্গু, অন্ধ হয়েছেন। হাজার হাজার মানুষ অসহায় যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে। মানুষ ঘরে থাকতে পারছে না। ঘরে থেকেও গুলিবিদ্ধ হচ্ছে, বাচ্চারা খেলতে পারছে না গুলিবিদ্ধ হচ্ছে। ছাদে গেলেও গুলি, বাসায় জানালা দিয়েও গুলি। সরকার রক্তের নেশায় মত্ত হয়ে উম্মাদ হয়ে গেছে। এই খুনি আর ক্ষমতায় থাকতে পারবে না। খুনি হাসিনার সাথে আর কোনো বৈঠক নয়, আর কোনো সমঝতা নয়। পথ এখন একটাই—পদত্যাগ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে, আমরা রাজপথ ছাড়বো না। আগামীকাল গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে যাবো সবাই। এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি।’ শাহবাগে সমবেত লাখো জনতার মাঝে অগ্নিঝরা বক্তৃতা শেষে বেশি কিছুক্ষণ নিজেই শ্লোগানের নেতৃত্ব দেন এবং দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। ছাত্রনেতাদের পক্ষ থেকে পীর সাহেবের হাতে তুলে দেওয়া হয় একটি বাঁশের মাথায় বাঁধানো লাল গোলাপের তোড়া।
মাদরাসা শিক্ষার্থীদের বিপ্লবী গ্রাফিতি
জুলাই বিপ্লবে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিপুল সাড়া জাগায় গ্রাফিতি বা দেয়ালচিত্র। শহরের দেয়ালে দেয়ালে শোভিত হয় মাদরাসা শিক্ষার্থীদের আঁকা আরবি-বাংলা বর্ণের এবং বিভিন্ন দৃশ্য সম্বলিত নান্দনিক গ্রাফিতি। দেশী-বিদেশী গণমাধ্যমেও আলোচিত হয়। বিশেষভাবে ‘স্বাধীনতার সূর্যোদয়’ নামের একটি ক্যালিগ্রাফি পুরো দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দেশের প্রথম সারির অনেক গণমাধ্যমে বিশেষ ফিচার প্রতিবেদন ছাপা হয়। অসংখ্য মানুষ সেটা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করে। গ্রাফিতিটি আঁকেন মাওলানা উসাইদ মুহাম্মদ। তিনি ঢাকার লালবাগ জামিয়া কুরআনিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। উসাইদ মুহাম্মদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ ত্যাগ করে দেশে ছাড়েন তখন থেকে নতুনভাবে দেশ স্বাধীনতা পায়। তারপর তার একাডেমির সদস্যদের নিয়ে ঢাকা শহীদ মিনারে যান ক্যালিগ্রাফি করতে। কিন্তু সেখানে চারুকলার কয়েকজন ছাত্র ও শিক্ষক মিলে শহীর মিনার প্রাঙ্গণে ক্যালিগ্রাফি করতে দেননি এবং অপমান করে চলে যেতে বলেন। তখন তাদের এই ৫০ জনের দলটি ক্যালিগ্রাফি করার জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে।
উসাইদ ও তার একাডেমির একজন সদস্য জুনায়েদ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলস্থ পাবলিক লাইব্রেরির পশ্চিম পাশের মিশন হাসপাতালে একটি পুরাতন দেয়ালে ছবিটি অঙ্কন করেন। উসাইদ বলেন, ‘স্বাধীনতার সূর্যোদয়’ যে শিরোনাম দেওয়া হয়েছে তার কারণ স্বাধীনতার সূর্যোদয় আমরা তখন সদ্যই পেয়েছি। সূর্যের আলো তখনও আমাদের ওপর পুরোপুরি আসেনি। অঙ্কনে কিছুটা সূর্যোদয় করা হয়েছে, কিছু উদয় করা হয়নি। তাছাড়া অঙ্কনের ভেতর যে ভাঙা দেয়ালটি রয়েছে সেটি হচ্ছে কিছু দিন পূর্বে যে আমাদের ওপর যে জরাজীর্ণ অবস্থা গিয়েছে এবং একটি অশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল তার প্রতিফলন। আর সেই জরাজীর্ণ অবস্থা থেকে সূর্য উদয় হচ্ছে বিষয়টি বোঝানো হয়েছে। তাছাড়া কিছুটা সুবজ-শ্যামল ঘনঘটা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৯ আগস্ট শুক্রবার বাদ আসর থেকে ‘স্বাধীনতার সূর্যোদয়’ চিত্রাঙ্কনটির কাজ শুরু হয়। রাত ৩টা অবধি কাজ চলে। শনিবার দুপুর ২টা নাগাদ অঙ্কনটির কাজ শেষ হয়। এতে পুরো জেলার চিত্রটি তুলে ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে যেমন- জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসা, ব্যাপ্টিস্ট চার্জ, তিতাস গ্যাস ক্ষেত্রকে চিত্রাঙ্কনটিতে তুলে ধরা হয়েছে। এই অঙ্কনটিতে আমরা কোনো বৈষম্য রাখা হয়নি। যেকোনো ধর্ম বা গোত্রের লোকজন চিত্রটির সামনে এসে ছবি তুলতে পারবে।’ এছাড়াও দেশ জুড়ে মাদরাসা শিক্ষার্থীদের আঁকা অসংখ্য দেয়ালচিত্র দেশের মানুষের নজর কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। আলোচিত হয়েছে দেশের মূলধারার গণমাধ্যমে এবং আল-জাযিরাসহ অনেক বিদেশী মিডিয়ায়।
ট্রাফিকের দায়িত্বে আলেম সমাজ
জুলাই বিপ্লবের পুরো মাস জুড়ে দেশের পুলিশ বাহিনী স্বৈরাচারী সরকারের দলীয় বাহিনীর রূপ নিয়ে অত্যন্ত নির্মমভাবে দেশের মানুষ হত্যায় মেতে ওঠে। দেশের জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করার কারণে ৫ আগস্ট সরকার পতনের সঙ্গে ভেঙে পড়ে পুরো পুলিশ প্রশাসন। উন্মত্ত জনতা ধ্বংস করে ফেলে ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গার পুলিশের আস্তানা। সরকার প্রধান যেভাবে পালিয়ে যায়, তেমনি পুলিশ বাহিনীও পালিয়ে যায়। তবে থেমে থাকে না মানুষের জীবনযাত্রা। ৬ আগস্ট খুব স্বাভাবিকভাবেই দেশের মানুষ রাস্তায় যাতায়াত করে এবং যার যার কাজে যোগদান করে। দেশের ট্রাফিক পুলিশের জায়গাগুলো শূন্য পড়ে থাকেনি। যেসব শিক্ষার্থী আন্দোলন করে দেশ দ্বিতীয়বার স্বাধীন করে, তারা দেশের শান্তি-শৃংখলা রক্ষায়ও রাজপথে নেমে আসে। রাজধানী ঢাকাসহ পুরো দেশের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলে নগরের সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলে কাজ। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করেন শিক্ষার্থীরা। শহরের মানুষ মুগ্ধ হয়ে দেখে এক নতুন বাংলাদেশ—কলেজ-বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের কাজ করছেন মাদরাসার শিক্ষার্থীরাও। অনেক জায়গায় মাদরাসার শিক্ষকদের তত্ত্বাবধানে মাদরাসার ছাত্ররা কাজ করে। রাজধানী ঢাকার একটি ব্যস্ত সড়কে ট্রাফিকের দায়িত্বপালনরত মুফতী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী-জনতার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকগণ (আলেমওলামাগণ) শুধু ঢাকা শহরেই নয় সারাদেশেই আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে নির্দেশনা দেওয়া সহ ট্রাফিক আইন পালনে সচেতন করছি। দেশ ও জাতির ক্রান্তিকালে যেকোনো দুর্যোগে মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকগণ (আলেমওলামাগণ) নিজ দায়িত্ববোধ থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ইতিহাস রয়েছে।’ আরেকজন মাদরাসার শিক্ষক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, ‘করোনা মহামারীর সময়ে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা, লাশ গোসল ও দাফন সহ জীবন বাজি রাখা আলেমদের মানবিক সেবামূলক কার্যক্রম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সময়েও সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সেবা প্রদান, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং থানা, পুলিশ ফাঁড়ি ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারায় ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে ভালোবাসা বিতরণ করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকগণ। দেশ ও জনগণের সেবায় মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকগণ সহ সকল ছাত্র ভাই-বোনদের এবং সর্বসাধারণের সেবামূলক কার্যক্রম সমূহ মহান আল্লাহ কবুল করুন, আমিন।’ রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে ট্রাফিক সেবা প্রদানকালে চালক, যাত্রী ও পথচারীগণ আলেম সমাজের এমন জনসেবামূলক কার্যক্রম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সি প্রশংসা করেন সর্বস্তরের জনগণ।
হিন্দুদের মন্দির পাহারায় মাদ্রাসাছাত্ররা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে পতিত সরকারের কতিপয় দুষ্কৃতকারীরা সংখ্যালঘুদের উপর ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাাসার ছাত্ররা দেশের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অবস্থান নিয়ে পাহারা দেন। এবাবে বিশ্ববাসীর সামনে সাম্য ও সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেন আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরা। মন্দির পাহারারত মোস্তাক আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন, ‘মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না।’ মাদরাসা ছাত্রদের মন্দির পাহাড়ার আন্তরিকতায় আপ্লুত হয়ে পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মুগ্ধ হয়ে গণমাধ্যমকে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘর পাহারা দিচ্ছে। বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, নতুন সরকার আসা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিষ্ঠান ও মানুষকে তারা নিরাপত্তা দিক। আমরা দেশে মন্দির বা উপাসনালয়ে হামলার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।’ এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে নিরাপত্তার ঘোষণা দেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ভোলা ও ঢাকাসহ দেশের একাধিক স্থানের মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করেন মাদ্রাসাছাত্ররা। চট্টগ্রামে হাটহাজারি মাদরাসার পাশের হিন্দু মন্দির এবং নানুপুর মাদরাসার পাশের বৌদ্ধ মন্দির রাত জেগে পাহারা দেয় হাটহাজারি-নানুপুর মাদরাসার ছাত্ররা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা
জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সেসময় তার সঙ্গে ছিলেন অর্ন্তর্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমুখ। শায়খ আহমাদুল্লাহ আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের জানান, আস-সুন্নাহ ট্রাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সহায়তায় এ পর্যন্ত পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। তিনি বলেন, আহত রোগীদের যে ভয়াবহ অবস্থা তা সরাসরি এসে কেউ না দেখলে কল্পনাও করতে পারবে না। মুমূর্ষ অবস্থায় তারা রয়েছে। তাই আমরা আমাদের অন্যান্য প্রোজেক্টের ব্যয়কে সংকুচিত করে তাদের পাশে দাঁড়াচ্ছি।
জুলাই বিপ্লবের স্মরণে ইসলামি বইমেলা
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে ইসলামী মেলাতেও লাগে পরিবর্তনের ছোঁয়া। মূল ধারার ইসলামিক প্রকাশগণ বাইতুল মোকাররমের বইমেলায় অনেকটাই অবহেলিত ছিলেন। দুর্নীতি পরায়ণ সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে জড়ানো ছিল বইমেলার পরিবেশ। এ বছর রবিউল আওয়াল মাসে প্রকাশকদের দীর্ঘ আন্দোলন ও চাপে বর্ধিত ও অন্তর্ভূক্তিমূলক ইসলামিক বইমেলা হয়। এবার মেলায় যুক্ত হয় অনেক নুতন আয়োজন—যা ছিল প্রকাশক, লেখক, পাঠক ও ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বইমেলা। বইমেলায় স্টলের সংখ্যা ও আকার বর্ধিত করার পাশাপাশি নকশায় আনা হয় নান্দনিকতা। মূল চত্বরে আঁকা হয় জুলাই বিপ্লবের থিম ডিজাইন। মেলায় নতুন করে যুক্ত হয় কর্নার, শিশু কর্নার, নারীদের বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ তথ্যকেন্দ্র এবং নানা আয়োজন। এছাড়াও মাসব্যাপী ইসলামী বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত সিরাত, ফিলিস্তিন, জুলাই অভ্যুত্থানসহ নানা বিষয়ে আলোচনা এবং জ্ঞানভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। ২২ অক্টোবর মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামী বইমেলা ২০২৪-এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাইতুল মোকাররমের খতিবের অভিমত
পতিত সরকারের আমলে দেশের সর্বত্রই বৈষম্যের বীজ বোপন করে দেওয়া হয়েছিল। এমনকি আল্লাহর ঘর পবিত্র মসজিদ পর্যন্ত রেহায় পায়নি। সেখানেও কোনো ইনসাফ বজায় রাখা হয়নি। আওয়ালীগের দলীয় মদদপুষ্ট খতিবকে সাধারণ মুসল্লিরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করার পর খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয় বরেণ্য আলেম, গবেষক ও হাদিস বিশারদ মুফতি আব্দুল মালেক সাহবকে। জাতীয় মসজিদের মিম্বরে বসার পর থেকে প্রতি জুমায় তিনি দেশের মুসলিম সমাজের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সকলের প্রশংসা কুড়াচ্ছেন। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার তিনি জাতীয় মসজিদের মিম্বর থেকে ঘোষণা করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়েজ নেই। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহিদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর। আমাদের সরকার, সকল রাজনৈতিক দল এবং মুসলিম-হিন্দুসহ দেশের সকল নাগরিক যদি বিপ্লবে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিপ্লবের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর গজব আবার হয়তো এই দেশের ওপর চেপে বসবে।’
ইসলামি লেখক ফোরামের জুলাই কবিতা প্রতিযোগিতা
জুলাই বিপ্লবের স্বরণে ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’ আয়োজন করে জুলাই কবিতা প্রতিযোগিতা। ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই বিপ্লব নিয়ে রচিত কবিতা পাঠ করেন ২০ এর অধিক আলেম কবি। ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুফতি আমিন ইকবালের সঞ্চালনায় এবং দেশ বরেণ্য আলেম লেখকদের উপস্থিতিতে বিজয়ী কবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জুলাই বিপ্লবের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন মাহফুজ ইকরাম, দ্বিতীয় স্থান লাভ করেন আনিস আরমান এবং তৃতীয় স্থান লাভ করেন নাঈমুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টুয়েন্টফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদির প্রমুখ।
শহিদ মিনারে হাফেজ শহিদের জানাজা
অতিসম্প্রতি ২৪-এর শহীদি মিছিলে শামিল হলেন ১২ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী আরাফাত। পবিত্র কুরআনের নাজেরা শেষ করে তিন পারা মুখস্থ করা আরাফাত রাজধানী উত্তরার জামিয়া রওজাতুল উলুম মাদরাসার ইবতেদায়ি আউয়ালের শিক্ষার্থী ছিলেন। ৫ আগস্ট সোমবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। ঘাতকের বুলেট আরাফাতের বাম পাজর দিয়ে ঢুকে ডান পাজর দিয়ে বের হয়ে যায়। গুলি লাগার কারণে তার পাজড়ের হাড় ছিদ্র হয়ে যায়, কোমরের অংশে মেরুদণ্ড চূর্ণ হয়ে যায়, কিডনি ডেমেজ হয়ে যায় এবং মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। উত্তরা আধুনিক হাসপাতাল এবং কুর্মিটোলা সামরিক হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর বিদেশ নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই শহীদ হন। আরাফাত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তার পিতা পেশায় একজন রিক্সাচালক। ২৩ ডিসেম্বর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন আরাফাতের ভাই হাসান আলী। জানাজায় অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আরাফাতের বাবা শহীদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিভাগীয় সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ প্রমুখ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।
আলেমের কলমে জুলাই বিপ্লবের ইতিহাস
তিন মাসের কম সময়ের মধ্যে প্রামাণ্য ইতিহাস তুলে ধরেন আলেম লেখক ও গবেষক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। বইটির নাম '২৪- এর গণঅভ্যুত্থান : স্মৃতিচারণ ও ইতিহাস'। ২২৪ পৃষ্ঠার বইটিতে তুলে ধরা হয়েছে ২৪-এর আন্দোলনের আদ্যোপান্ত এবং আলেম সমাজের সংগ্রামের দলিল। লেখক নিজেও ছিলেন রাজপথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত এবং যাত্রাবাড়ির ‘সাধারণ আলেম সমাজ’ কমিটির সদস্য। বিপ্লোবোত্তর পরিবর্তিত দেশে বাইতুল মুকাররম ইসলামি বইমেলায় অক্টোবর মাসে প্রকাশিত হয় বইটি। বইটি প্রকাশ করে বাংলাবাজারের রাহনুমা প্রকাশনী। লেখক একজন আলেম হওয়ায় তার বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে জুলুমের বিরুদ্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি। বইটিতে ফুটে উঠেছে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আলেমদের অধিকার আদায়ের সংগ্রাম, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ, সর্বস্তরের দেশপ্রেমিক মানুষের অবদান, দেশের শত্রুদের অত্যাচারের নির্মম চিত্র, গণহত্যার ভয়াবহ বর্ণনা, আন্দোলনকারীদের একের পর এক বিপ্লবি কর্মসূচি, ছাত্রদের ওপর আওয়ামী বাহিনীর নির্মম অত্যাচার, কারফিউ, অবরুদ্ধ ঢাকা নগরীর চিত্র, শহীদদের আত্মত্যাগ এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বৃত্তান্ত। লেখক এতে আরো তুলে ধরেছেন চব্বিশের অভ্যুত্থানে দেশপ্রেমিক আলেম সমাজের অবদান এবং চব্বিশের অভ্যুত্থানের অন্যতম সংগঠক ‘সাধারণ আলেম সমাজ’-এর সংহতি সমাবেশের ইতিবৃত্ত। সর্বোপরি এটি একজন আলেমের কলিমে রচিত সময়ের জীবন্ত ইতিহাস।
শহিদি মিছিলে ৭৮ আলেম ও মাদরাসা-শিক্ষার্থী
রাজধানী বিজয়নগরের কার্যালয় থেকে ‘তরুণ আলেম প্রজন্ম-২০২৪’ সংগঠন প্রকাশ করেছে ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থী শহীদের তালিকা (প্রাথমিক)’। সংঠনের পক্ষ থেকে যাচাই-বাছাই করে প্রকাশিত ৮ পৃষ্ঠার খসড়া প্রতিবেদনে স্থান পেয়েছে ৭৭ জন আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহীদের নাম। তালিকা প্রকাশের পর ডিসেম্বরে শহীদ হন আরো একজন মাদরাসা শিক্ষার্থী হাফেজ আরাফাত। ফলে এখন পর্যন্ত জ্ঞাত আলেম-শিক্ষার্থী শহীদের সংখ্যা ৭৮ জন। ২৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তরুণ আলেম প্রজন্ম ২০২৪’ সংগঠনের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের প্রাথমিক তালিকাটি প্রকাশ করা হয়। তালিকাটি তুলে ধরেন সংগঠনের সদস্য মাওলানা অ্যাডভোকেট বিলাল আহমদ চৌধুরী। সভায় মাওলানা এহসানুল হক সভাপতিত্বে বক্তৃতা করেন রাজধানীর মিরপুরের ‘মাদরাসা দারুর রাশাদ’-এর প্রিন্সিপাল মাওলানা সালমান, কবি ও দার্শনিক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম প্রমুখ। সভায় শহীদ পরিবারের সদস্যারাও উপস্থিত হয়ে তাদের শোকাকুল অভিব্যক্তি প্রকাশ করেন কান্না জড়িত কণ্ঠে।
শহীদ আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের তালিকা
‘তরুণ আলেম প্রজন্ম’-এর সৌজন্যে তাদের প্রকাশিত তালিকা থেকে জুলাই আন্দোলনে শহীদ আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের ৭৮ জনের নাম-পরিচয় তুলে ধরছি—১. নারী শহীদা রিতা আক্তার (১৬), ভূগোইল হিজবুল্লাহ দাখিল মাদরাসার শিক্ষার্থী। মিরপুর-২ বাসস্ট্যান্ড এলাকায় ওভার ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হন। ২. শিশু শহীদ শাফকাত সামির (৯), মিরপুর-১৪ জামেউল উলুম মাদরাসার শিক্ষার্থী। ৩. জোবাইদ হোসাইন ইমন (১২), দারুননাজাত ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আল্লাহ করিম মসজিদের সামনে শহীদ হন। ৪. রাব্বি মাতবর (১৩), মিরপুর-১৩ তালীমুল ইসলাম মাদরাসার শিক্ষার্থী। ৫. হাফেজ ইবরাহীম খলিল (১৪), চিটাগাং রোড বাইতুস সুজুদ জামে মসজিদ ও মাদরাসার শিক্ষার্থী। ৬. সাদ মাহমুদ খান (১৪), সাভার জাবালে নূর দাখিল মাদরাসার শিক্ষার্থী। ৭. আশিকুল ইসলাম আল-ইয়াস আশিক (১৫), ঢাকা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন। ৮. মুহাম্মাদ আদিল (১৫), তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। ৯. বাঁধন (১৬), যাত্রাবাড়ীতে চোখে গুলি লেগে আহত হন। ১০. আশিকুল ইসলাম (১৬), দিনাজপুর ঝনানজার দ্বি-মুখী দাখিল মাদরাসার শিক্ষার্থী। ১১. হাফেজ সিফাত হোসাইন (১৬), শরিয়তপুর চাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী। ১২. ইউনুস আলী শাওন (১৬), লক্ষীপুর। ১৩. নাহিদুল ইসলাম (১৭), খুলনা মাদরাসাতুল কুরআন আল-আরাবিয়ার মাদানী নিসাব-১ম বর্ষেও শিক্ষার্থী। ১৪. হাফেজ মুহাম্মাদ যুবায়ের আহমাদ (১৭), খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসার শিক্ষার্থী। ১৫. ইশমামুল হক (১৭), রাজধানীর চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন। ১৬. কিশোর শহীদ সায়েদ মুনতাসীর রহমান (১৭), তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী। ১৭. হাফেজ সাজ্জাদ হোসাইন সাব্বির (১৮), চাঁদপুর ফুলছোঁয়া মাদরাসার শিক্ষার্থী। ১৮. কাহরিয়ার (১৯), যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। ১৯. আয়াতুল্লাহ (২০), গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে গুলিবিদ্ধ হন। ২০. আব্দুল্লাহ আল মামুন (২০), গাজীপুরের জামিয়া আশরাফিয়া মাদরাসার শিক্ষার্থী। ২১. হাফেজ সাদিকুর রহমান (২০), টাঙ্গাইলে গুলিবিদ্ধ হন। ২২. তাওহীদ সান্নামাত (২০), মাদারীপুর পেট্রোল পাম্প নতুন বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হন। ২৩. হাফেজ মাসুদুর রহমান (৪১), রাজধানী বাড্ডা এলাকার কওমি মাদরাসার শিক্ষক। ২৪. মাওলানা মাযহারুল ইসলাম (২৯), লক্ষীপুরের একটি কওমি মাদরাসার প্রিন্সিপাল। ২৫. হাফেজ মাওলানা আব্দুন নুর (২৯), ময়মনসিংহের পেশাজীবি। ২৬. মোবারক হোসাইন, কালভার্ট রোড, ঢাকা। ২৭. শহীদ মুহাম্মাদ জহিরুল ইসলাম রাসেল (২৫), কুমিল্লা দেবীদ্বার ছৈয়দপুর কামিল মাদরাসার শিক্ষার্থী। ২৮. মুহাম্মাদ রিদওয়ান ইসলাম (২৪), উত্তরা আজমপুরে গুলিবিদ্ধ হন। ২৯. নাসির ইসলাম, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী। ৩০. ওসমান পাটওয়ারী (২২), তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী। ৩১. মাওলানা মুহাম্মাদ সাদিকুর রহমান, ময়মনসিংহ। ৩২. হাফেজ নূর আলম সিদ্দিকী রাকিব, ময়মনসিংহ। ৩৩. মাওলানা খোবাইব আহমাদ, জামিয়া ইবরাহিমিয়া ইসহাকিয়া, সাইনবোর্ড মাদরাসার ইফতা বিভাগের শিক্ষার্থী। ৩৪. হাফেজ আবদুল্লাহ, শনির আখড়া ঢাকা মাদরাসাতুল আবরারের শিক্ষার্থী। ৩৫. হাফেজ মঈনুল ইসলাম, আহসানুল হিকমা, নিউ টাউন, ডেমরা মাদরাসার শিক্ষক। দুপুরে বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ৩৬. হাফেজ আনাস বিল্লাহ, খুলনা। ৩৭. সাব্বির হোসেন, গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ৩৮. হাফেজ মাহমুদুল হাসান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শিক্ষার্থী। ৩৯. খালিদ সাইফুল্লাহ, লালবাগ, ঢাকা। ৪০. হাফেজ সুলাইমান হাসান, যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ৪১. মাওলানা মাবরুর হুসাইন, জামিয়া বাগে জান্নাত মাদরাসা চাষাড়া, নারায়ণগঞ্জ। ৪২. আবু সুফিয়ান রাব্বী, মাওনা চৌরাস্তা, গাজীপুর। ৪৩. শেখ জাহাঙ্গীর আলম, মাদরাসা শিক্ষক (সদস্য, যুব জমিয়ত বাংলাদেশ), গাজীপুর মাওনায় শহীদ হন। ৪৪. হাফেজ মুনাঈল আহমাদ ইমরান, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। ৪৫. শাহজাহান হৃদয় (২১), এস.কে টাওয়ার, মহাখালীতে গুলিবিদ্ধ হন। ৪৬. শাকিল (২১), যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন। ৪৭. আনোয়ার হোসাইন, মাদরাসা শিক্ষক, মিরপুর মডেল থানার সামনে গুলিবিদ্ধ হন। ৪৮. নুর মুস্তফা, কক্সবাজার দারুস সালাম মাদরাসার শিক্ষার্থী। ৪৯. মাওলানা রুবেল আব্দুল্লাহ, কিশোরগঞ্জে নীলগঞ্জ রোডে মীর মুগ্ধের মতো পানি বিতরণ অবস্থায় গুলিবিদ্ধ হন। ৫০. ওসামা, কুষ্টিয়া জামিয়া কারিমিয়া মাদরাসার শিক্ষার্থী। ৫১. হাফেজ মুহাম্মাদ সিফাতুল্লাহ, কিশোরগঞ্জের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার শিক্ষার্থী। ৫২. মাইন উদ্দিন, যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হন। ৫৩. সুমন মিয়া, নরসিংদি জামেয়া-ই-ইমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। ৫৪. হোসাইন মিয়া, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী। ৫৫. মুহাম্মাদ মাহবুবুল হাসান মাসুম (২৬), ফেনী সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। ৫৬. আবদুল গনি বোরহান (২৫), ফেনী সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। ৫৭. কারী কামরুল ইসলাম পাবেল (২৩), ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার শিক্ষার্থী। ৫৮. মাওলানা আব্দুল বাসেত, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শিক্ষার্থী। ৫৯. শহীদ মুফতী ইউনুস আহমদ, গাজীপুর। ৬০. মুহাম্মদ হাসিব ঢালী, দারুল আমান দাখিল মাদরাসার শিক্ষার্থী। ৬১. হাফেজ মাজেদুল ইসলাম খান, জামিয়া কুরআনিয়া আহলিয়া, মাওনা চৌরাস্তা মাদরাসার শিক্ষার্থী। ৬২. হাফেজ নাঈম ইসলাম, সাভার শিমুল তলায় গুলিবিদ্ধ হন। ৬৩. হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার, উত্তরা আধুনিক মেডিকেলের পাশের রাস্তায় গুলিবিদ্ধ হন। ৬৪. হাফেজ আমিনুল ইসলাম, উত্তরা আজমপুরে পুলিশের গুলিতে শহীদ হন। ৬৫. মুন্তাসির রহমান আলিফ, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী। ৬৬. ইকরাম হোসেন কাউসার (২৬), ফেনী শালধর ফাযিল মাদরাসার শিক্ষার্থী। ৬৭. সরোয়ার জাহান মাসুদ (২২), ফেনী সিলোনীয়া ফাযিল ডিগ্রী মাদরাসার শিক্ষার্থী। ৬৮. সাজিদুর রহমান (২২), ঢাকা সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন। ৬৯. জাহিদুজ্জামান তানভীন (২৫), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর শিক্ষার্থী, রাজধানীর উত্তরা আজমপুরে গুলিবিদ্ধ হন। ৭০. মুহাম্মাদ আনজাদ হুসাইন, নদ্দা, বসুন্ধরা গেইট, ঢাকা। ৭১. মুহাম্মাদ নাঈম আহমাদ, কালাচাঁদপুর, গুলশান, ঢাকা। ৭২. আহমাদ সানি, কাফরুল, মিরপুর ১৪, ঢাকা। ৭৩. ডা. সজীব সরকার (হাফেজ আব্দুল্লাহ সরকারের অভিভাবক), রাজধানীর উত্তরার আজমপুরে ছোট ভাইয়ের মাদরাসায় যাওয়ার পথে শহীদ হন। ৭৪. হাফেজ মাওলানা জসিমুদ্দিন, রাজধানীর উত্তরা দলিপাড়া মাদরাসার শিক্ষক। ৭৫. রিফাত, তজুমদ্দিন মার্কাজ মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক। ৭৬. হাফেজ সিয়াম হোসাইন, মসজিদর ইমাম, সিরাজগঞ্জ। ৭৭. মাওলানা শিহাব উদ্দীন, মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) কর্মকর্তা। ৭৮. হাফেজ সাদিকুর রহমান প্রমুখ। এসব বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা এবং নিষ্ঠুর জালেমগোষ্ঠীর ত্রাস থেকে মুক্তি। দেশের ইতিহাসে তারা অনেক দিন বেঁচে থাকবেন।
লেখক
সিনিয়র শিক্ষক, জামিয়া দারুল ইনআম, কেরাণিগঞ্জ, ঢাকা।
সহ-সম্পাদক, দৈনিক সময়ের আলো, বাংলামোটর, ঢাকা।
ই-মেইল : aksaadbd@gmil.com
মোবাইল : 01515621796
তের দফা দাবি নিয়ে কোন কোন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছিল। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফার দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। গুরুত্ব বিবেচনায় মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ রচিত ‘‘আমাদের ইন্তিফাদা’’ গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো। - সম্পাদক
মাওলানা আবু জানদাল কাসেমি শিক্ষক - কাসেমুল উলুম, তিওড়া, মুজাফফরনগর
হজ: ঈমান, ত্যাগ, ঐক্য ও আত্মশুদ্ধির মহাসফর মুফতি আবদুল কাইয়ুম
পুণ্যময় হয়ে উঠুক জিলহজ্জের প্রথম দশক মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ